বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন: মোস্তাফা জব্বার

৩১ আগষ্ট, ২০২১ ১৪:৩৯  
যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। জাতির পিতা বেতবুনিয়ায় ১৯৭৫ সালের ১৪ জুন ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, ১৯৭৩ সালে আইটিইউ ও ইউপিইউ –এর সদস্যপদ অর্জন, টিএন্ডটি বোর্ড গঠন এবং খুলনায় ক্যাবল শিল্প প্রতিষ্ঠা করে ডিজিটাল বাংলাদেশের বীজ অংকুরিত করে গেছেন বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরে মোবাইল ফোন ও কম্পিউটার প্রযুক্তি সাধারণের নাগালে পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর অংকুরিত বীজটি চারা গাছে এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত তা বিরাট মহিরূহে রূপান্তর করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে তিনি চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব প্রদানের যোগ্যতায় উপনীত করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম সভাপতি মিজ শারমিন আফরোজ –এর সভাপতিত্বে অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ শিল্প কলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. রতন বক্তৃতা করেন। মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি বিকাশে তার ৩৫ বছরের দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আইসিটি কর্মকর্তাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অপরিসীম ভূমিকা রয়েছে। তিনি বলেন, সরকারী কর্মকান্ড ডিজিটাল হলে জনগণও সহজে ডিজিটাল হবে। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিটি আইসিটি কর্মকর্তাকে স্ব-স্ব ক্ষেত্রে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালেনে যে কোন সহযোগিতা প্রদানে আশ্বাস ব্যক্ত করেন।